বঙ্গোপসাগরে দুটি ফিশিং ট্রলার ডুবির ঘটনায় আরও তিন জেলের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পার্শ্ববর্তী ট্রলারের জেলেরা। এ নিয়ে মোট চারটি লাশ উদ্ধার করা হলো। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগরের আশারচর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহত জেলেরা হলেন- পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের চরলাঠিমারা এলাকার হোচেন আলীর ছেলে ইব্রাহিম (২৮), তোতা মিয়ার ছেলে মনির (২২) ও বাদুরতলা এলাকার আব্দুল কুদ্দুস মুন্সির ছেলে সরোয়ার (২৫)। এর আগে ঘটনার দিনই রুহুল আমীন খান (৪৫) নামে আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছিল।
বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলার ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এর আগে, উত্তাল সমুদ্র থেকে তীরে ফেরার সময় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বঙ্গোপসাগরের দক্ষিণ আশার চর এলাকায় ১১ জন জেলে নিয়ে এফবি আল্লাহর দান নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে যায়।
তিনি জানিয়েছেন, এ ঘটনায় ওই ট্রলারে থাকা জেলেদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষনিক উদ্ধার করা হলেও বাকিরা নিখোঁজ ছিলেন। পরে আজ ডুবে যাওয়া ট্রলারের ভেতর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
বনবিভাগ জানায়, বৈরী আবহাওয়ার মধ্যে কূলে ফেরার সময় নামবিহীন দুটি ট্রলার ডুবে যায়। ট্রলার দুটিতে ২০ জন জেলে ছিলেন। পরে অন্য ট্রলারের জেলেরা সাগরে ভাসমান জেলেদের উদ্ধার করেন। ট্রলারে ওঠানোর পরপরই জেলে রুহুল আমীনের মৃত্যু হয়। এসব জেলেদের বাড়ি পাথরঘাটার চরদুয়ানী এলাকায়।